২০১৪ সালে কংগ্রেসের পরাজয়ের জন্য দলের নেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দায়ী বলে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়ে উঠে এসেছে। গত আগষ্টে প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেন। আগামী জানুয়ারিতে তার ‘প্রেসিডেন্সিয়াল ইয়ারস’ নামের বইটি প্রকাশিত হওয়ার কথা। খবর এনডিটিভির
প্রণব মুখার্জি তার বইয়ে লিখেছেন, ‘কংগ্রেসের অনেক নেতাই বিশ্বাস করেন যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে এই পরাজয়ের মুখে দলকে পড়তে হতো না। তবে আমি তেমনটি মনে করি না। আমার বিশ্বাস, আমার প্রেসিডেন্ট হওয়ার পর দলের নেতৃত্ব রাজনৈতিক মনোযোগ হারিয়েছিলেন। সোনিয়া গান্ধী দলীয় বিষয়গুলো সামাল দিতে অক্ষম ছিলেন। আর মনমোহন সিং দীর্ঘদিন ধরে হাউজে অনুপস্থিত থাকায় অনেক এমপির সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে পারেননি’।
বইয়ে কংগ্রেসের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন প্রণব মুখার্জি। তিনি তার বইয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও তুলনা করেছেন। বইটি প্রকাশ করেছে রূপা পাবলিকেশন্স। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখার্জি।
