যে কোন মূল্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অম্লান রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
শনিবার সকালে শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম সমাবেশ করেছে। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে সমাবেশ হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। যে কোন মূল্যে আমরা তার সম্মান অম্লান রাখবো।
অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে ও এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহবানে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসক্লাবের সমানের সড়কে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেছে।
মানববন্ধনে গোপালগঞ্জ চেম্বারের সভাপতি কাজী জিন্নাত আলী, সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, ব্যবসায়ী নেতা আলীমুজ্জামান বিটু, গোলাম কিবরিয়া কয়েছ, মো. কবির হোসেন, আবু হানিফ সিকদার, হোসাইন, হানিফ কাজী, এসএম মিল্লাত মিনারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তার বলে বঙ্গবন্ধুর ভাস্কর্যে কালো হাত পড়েছে। এ হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন জঙ্গি, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান হবে না।
ইত্তেফাক/জেডএইচ
