ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী ও তার দল সরকারি সাধারণ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০’ অর্জন করেছেন। দলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, এটুআই প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান ও ভূমি সচিবের একান্ত সচিব মো. দৌলতুজ্জামান খাঁন। অনলাইন খতিয়ান প্রদান ও ডিজিটাল রেকর্ড রুম তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য তাদের এ পুরস্কার প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস, ২০২০ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মহামান্য রাষ্ট্রপতির পক্ষে বিজয়ীদের পদক ও সনদ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জরিপের খতিয়ানসমূহ ভূমি মালিকগণকে সহজে সরবরাহ করার লক্ষ্যে অনলাইন খতিয়ান প্রদান ও ডিজিটাল রেকর্ড রুম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের ফলে লক্ষ লক্ষ মানুষ অতি দ্রুত ভূমি সেবা পাচ্ছেন।
