ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ফাঁসি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২০:৪০

ইরানে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। তিন বছর আগে সরকারবিরোধী আন্দোলনে প্ররোচনা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় কার্যকর করা হয়েছে। গতকাল স্থানীয় সময় ভোরের দিকে রুহুল্লাহ জামের ফাঁসির রায় কার্যকর করা হয় বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে ভিন্নমতাবলম্বী এ সাংবাদিককে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। সংস্কারপন্থি এক শিয়া ধর্মীয় নেতার ছেলে রুহুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেও গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন। টেলিগ্রাম চ্যানেল আমাদনিউজে তার ১০ লাখেরও বেশি অনুসারী ছিল। ‘মামলায় বিপ্লবী আদালত যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টও তা বহাল রেখেছে’, মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ের পর এমনটাই বলেছিলেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি।

রুহুল্লাহকে ইরানি গোয়েন্দারা ২০১৯ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে আটক করে ইরানে নিয়ে আসে বলে গত সপ্তাহে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছিল। ভিন্নমতাবলম্বী এ ইরানি সাংবাদিককে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক রুহুল্লাহ জামকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইরানে মত ও সংবাদ প্রকাশের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত। ফ্রান্স এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে ইরানকে মানবাধিকারসম্পর্কিত আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছে।