এরদোয়ানের ‘কবিতায়’ ক্ষুব্ধ ইরান, তুর্কি রাষ্ট্রদূতকে তলব

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২০:৪২

আজারবাইজানে গিয়ে এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একটি কবিতা আবৃত্তি করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ঐ কবিতায় ১৯ শতকে ইরান ও রাশিয়ার মধ্যে আজারি ভূমি বিভক্ত হওয়ার প্রসঙ্গ নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোয়ানের এমন কাজকে ‘অনধিকার চর্চা’ উল্লেখ করে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে।

নাগার্না-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয় উপলক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক উত্সবে যোগ দিয়েছিলেন এরদোয়ান। রাজধানী বাকুতে রাখা বক্তব্যের এক পর্যায়ে তিনি একটি কবিতা আবৃত্তি করেন। কবিতার বক্তব্য ছিল এমন, ‘তারা আরস নদীকে পৃথক করেছে এবং এটি পাথর ও রড দিয়ে ভরে ফেলেছে। আমি তোমার থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে। ’

এ ঘটনায় ক্ষুব্ধ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এরদোয়ানের ‘হস্তক্ষেপবাদী এবং অগ্রহণযোগ্য মন্তব্য’ নিয়ে তেহরানে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ও ‘তাত্ক্ষণিক ব্যাখ্যা’ দাবি করেছে। ইরান কাউকে তার আঞ্চলিক অখণ্ডতায় হস্তক্ষেপ করতে দেবে না। ‘তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে যে, আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের যুগ শেষ হয়ে গেছে।’