গর্ভপাতকে বৈধতা দিতে আর্জেন্টিনায় আনা একটি বিল পাশ করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। দেশটিতে নারীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে গর্ভপাতকে বৈধতা দেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিলটিকে আইনে পরিণত হতে হলে অবশ্যই পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হতে হবে।
পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ঐ বিলের পক্ষে ভোট দেন ১৩১ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ছিলেন ১১৭ জন। এ বছরের মধ্যেই সিনেটে এ ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আর্জেন্টিনায় বর্তমানে শুধু ধর্ষণের শিকার হওয়ার ক্ষেত্রে বা মাতৃত্বজনিত কারণে নারীর স্বাস্থ্যঝুঁকি থাকলে গর্ভপাত ঘটানোর অনুমতি রয়েছে। এর বাইরে অন্য কোনো কারণে গর্ভপাত ঘটালে অনেক নারী মামলার মুখোমুখি হয়ে থাকেন। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই বিলের প্রস্তাব দেন। বিলটি আইনে পরিণত হলে গর্ভধারণের ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত ঘটানোর অধিকার পাবেন নারীরা। বিলের ওপর পার্লামেন্টের নিম্নকক্ষে গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার সকাল পর্যন্ত ২০ ঘণ্টার বিতর্কে অংশ নেন আইনপ্রণেতারা।
