লাকসামে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ মেটাতে গিয়ে মো. মফিজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এই ঘটনায় শনিবার লাকসাম থানা পুলিশ দুই নারীসহ পাঁচ জনকে গ্রেফতার করে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান ঐ গ্রামের মৃত ফজলে আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে রফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও তাদের বোন ফাতেমা বেগম ও পারভীন বেগমের পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধীয় জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। এলাকার সর্দার মো. মফিজুর রহমান মীমাংসার জন্য গেলে তাকে বেদড়ক মারধর করা হয়। পরে গ্রামবাসী মফিজুর রহমানকে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বুজরত আলী বাদী হয়ে হত্যামামলা করেছেন। গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে চালান করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
