বরিশালে কৃষি ও পল্লিঋণ সহজীকরণ প্রকল্প ও প্রশিক্ষণ কর্মশালা নগরীর সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল কৃষি ঋণ বিভাগের যুগ্ম পরিচালক কাজী নজরুল ইসলাম, অনলাইন কৃষি ও পল্লিঋণের উদ্ভাবক এবং সিইও অগ্রণী রেমিট্যান্স হাউজ জসিম উদ্দিন, আইসিটি মন্ত্রণালয়ের অনলাইন কৃষি ও পল্লিঋণ সহজীকরণ প্রকল্প এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক আনিছুল মোস্তফা। বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বরত বিকেবির বরিশাল মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবু মাহমুদ। কর্মশালায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত অনুসারে আইসিটি মন্ত্রণালয়ের আওতাধীন এটুআই প্রোগ্রামের ‘অনলাইন কৃষি ও পল্লিঋণ সহজীকরণ’ পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিক ধাপে বিকেবি, বরিশাল অঞ্চলে বাস্তবায়নের পর পর্যায়ক্রমে বিকেবি, বরিশাল বিভাগাধীন সংশ্লিষ্ট শাখায় এ কার্যক্রম পরিচালিত হবে।
