নেত্রকোনা-খালিয়াজুড়ি সড়কের মদন পৌরসভা অংশে সংস্কারকৃত রাস্তার ওপর থাকা বিদ্যুতের খুঁটি সরানো ও গাছ কাটার কাজ শুরু হয়েছে। গত ১১ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘মদনে গাছ ও খুঁটি রেখে চলছে রাস্তা সংস্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শনিবার সকালে সংস্কারকৃত রাস্তার ওপর থাকা বিদ্যুতের খুঁটি সরানো ও গাছ কাটা শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও বুলবুল আহমেদ বন বিভাগ, পল্লি বিদ্যুতের সহযোগিতায় বিদ্যুতের খুঁটি সরানো ও গাছ কাটা শুরু করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ছালমা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, জনস্বার্থে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসকের নির্দেশে শনিবার গাছ কাটা ও খুঁটি সরানোর কাজ শুরু করেছি। এগুলো সরানোর পর রাস্তা সংস্কার কাজ শুরু হবে।
