স্বরূপকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার এক
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে শুক্রবার সন্ধ্যায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পিরোজপুরের গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় ঐ দিন রাতে ডিবি পুলিশের এসআই মো. মিলন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রবিউল পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মো. মেহেদি হাসানের ছেলে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে শনিবার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে অস্থায়ী বুথে এক শিশুকে টিকা দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল দিবস উপলক্ষ্যে আলোচনাসভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে ডিজিটাল দিবস উদ্যাপন উপলক্ষ্যে শনিবার জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান শীর্ষক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান প্রমুখ।
মোরেলগঞ্জে সেমিনার ও পুরস্কার বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে শনিবার ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু।
