প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও একই শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪৬০ রানের বিপরীতে দ্বিতীয় দিন শেষে মাত্র ১২৪ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে জেসন হোল্ডারের দল। ৩৩৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনের মুখে রয়েছে তারা। ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন পেসার কাইল জেমিসন।
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ মানেই ঘাসে মোড়ানো সবুজ উইকেট। যেখানে বল হাতে দাপট দেখান কিউই পেসাররা। আর তাতে রীতিমতো নাস্তানাবুদ হয় সফরকারী দল। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
ওয়েলিংটনে ইনিংসের শুরুতেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের হাঁপিয়ে তোলেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট জুটি। দুই প্রান্ত দিয়ে সুইংয়ের বেড়াজালে খোলস ছেড়ে বের হতেই হিমশিম খায় তারা। তাতেই রক্ষা মেলেনি। আক্রমণে এসেই সাউদি-বোল্টের থেকেও রুদ্রমূর্তি ধারণ করেন জেমিসন। ২৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। মধ্যে শামার ব্রুকসকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জার্মেইন ব্ল্যাকউড। কিন্তু ৬৮ রানের জুটিটি বেশি ভয়ংকর হতে দেননি জেমিসন। ব্যক্তিগত ১৪ রানে স্টাম্প উগড়ে ফেলেন ব্রুকসের। কিছুক্ষণ পরই ৬৯ রান করা ব্ল্যাকউডকে ফেরান সাউদি। তাতেই বাজতে থাকে ফলোঅনের ঘণ্টা। কিন্তু সময়ের অভাবে দুই উইকেট বাকি রেখেই দিন শেষ করতে হয় স্বাগতিকদের।
এর আগে ৬ উইকেটে ২৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত থাকা হেনরি নিকলস এ দিন থামেন ১৭৪ রানে। তবে দিনের সবচেয়ে বড় চমকটা দেন নিল ওয়াগনার। ক্যারিবিয়ান বোলারদের তুলাধুনা করে নিজের ৫০তম টেস্টে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান এই কিউই। ৪২ বলে ৮ চার ও ৪ ছয়ে ৬৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
