কোচের সঙ্গে বাহাসে জড়ালেন বিজয়

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:০৯

ব্যাটিংয়ে সময়টা ভালো কাটছে না এনামুল হক বিজয়ের। বিসিবি প্রেসিডেন্টস কাপে ৪ ম্যাচে করেছিলেন ৪৫ রান। বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে ৪ ম্যাচে করেছেন ৪১ রান। তারপরই খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। গতকাল বিসিবি একাডেমি মাঠে এসে ফুটবল খেলার পর বিষণ্নবদনে একটি চেয়ারে বসেছিলেন বিজয়।

কোচ মিজানুর রহমান বাবুল কয়েক বার ডাকার পর নেটে ব্যাটিংয়ে যেতে সম্মতি জানান তরুণ এই ক্রিকেটার। পরে ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে ক্ষণিকের কথোপকথনের পর নেটের দিকে এগিয়ে যান বিজয়। যাওয়ার পথে কোচ বাবুলের সঙ্গে বাহাসে জড়ান ২৭ বছর বয়সি এই ক্রিকেটার।

প্রায় মিনিট দশেক কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় বিজয়কে। বাগিবতণ্ডার সময় এই ওপেনারকে বেশ রাগান্বিত দেখা গেছে তখন। পরে ম্যানেজার নাফিস ইকবাল এসে দুজনকে থামান এবং বিজয়কে সান্ত্বনা দেন। রাগে-হতাশায় কয়েক বার মাটিতে ব্যাট ফেলে দেন তিনি। এমনকি একপর্যায়ে কেঁদে ফেলেন বিজয়।

ম্যানেজারের সঙ্গে আলাপের পর নেটে ব্যাটিং করতে যান ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু সেখানেও ভাগ্য বিড়ম্বিত তার। খালেদ আহমেদের বলে হাতে চোট পেয়েছেন বিজয়। তবে সেটি গুরুতর নয় বলেই জানা গেছে।

ব্যাটে রান নেই, খুলনার একাদশ থেকেও বাদ পড়েছেন, সার্বিকভাবে বিজয় মানসিকভাবে ভালো অবস্থানে নেই, এটা অনুমেয়। দলটির সর্বশেষ ম্যাচে ইমরুল কায়েস না খেললেও একাদশে ঠাঁই হয়নি বিজয়ের। গতকাল নেটেও সুযোগ পেয়েছেন পরে। সব মিলিয়ে হতাশার বহিঃপ্রকাশই দেখা গেছে কোচের সঙ্গে তার আলাপে। যদিও খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তেমন কিছু হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করা হলেও বিজয়কে পাওয়া যায়নি। মুঠোফোনের কল ধরেননি তিনি।

খুলনার কোচ বাবুলও বিষয়টিকে বড় করে দেখছেন না। গতকাল তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা তেমন কোনো ব্যাপার না। ও বাচ্চা ছেলে, আমাদের সামনেই ক্রিকেট শিখছে। ওর খেলা নিয়ে কথা বলেছে।’