আগামী ১৭ ডিসেম্বর জুরিখে অনুষ্ঠিতব্য ফিফা বর্ষসেরা পুরস্কারের উপস্থাপনায় থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী। বিবিসি, বিটি স্পোর্টস এবং টকস্পোর্টের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও উপস্থাপনা করা এই বহুভাষী বাঙালি ২০১৮ সালেও ফিফা বর্ষসেরা পুরস্কার উপস্থাপনা করেছিলেন গ্রিন কার্পেটে।
রেশমিন চোধুরীর জন্ম লন্ডনের প্রগতিশীল এক বাঙালি মুসলিম পরিবারে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম সাংবাদিক হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাত্কার নেওয়া রেশমিন ২০১৫ সাল থেকে প্রধান রিপোর্টার হিসেবে পরিচালনা করছেন বিটি স্পোর্টসের চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের সম্প্রচার। গত চার বছর যাবত্ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র-ও পরিচালনা করে যাচ্ছেন তিনি। শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, টকস্পোর্টের প্রতি সপ্তাহের প্রিমিয়ার লিগ সম্প্রচারেও প্রধান উপস্থাপক তিনি।
