টুর্নামেন্ট শেষ নাঈম হাসানের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:১২

মুমিনুল হকের পর আঙুলের ইনজুরিতে বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে ছিটকে পড়েছেন নাঈম হাসান। ডানহাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে টুর্নামেন্টই শেষ হয়ে গেল এই তরুণ অফস্পিনারের। গতকাল বেক্সিমকো ঢাকার ম্যানেজার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ ডিসেম্বর খুলনার বিপক্ষে ম্যাচে ঢাকার একাদশে ছিলেন না নাঈম হাসান। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ডিপ এক্সট্রা কভার অঞ্চলে চার বাঁচাতে গিয়ে আঙুলে ব্যথা পান নাঈম। প্রাথমিকভাবে গুরুতর মনে হয়নি। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। ঢাকার হয়ে তিন ম্যাচে ৩ উইকেট নিয়েছেন নাঈম।

তবে তার অস্ত্রোপচার লাগবে কি না, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে খেলা নিয়ে সংশয় আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।