অসি দলে ফিরলেন হ্যারিস

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:১২

ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজে চোটের কারণে নেই অস্ট্রেলিয়ার প্রথম সারির ওপেনাররা। অনেকটা বাধ্য হয়েই তাই দলে তরুণ মার্কাস হ্যারিসকে স্কোয়াডে ডেকেছেন অজি নির্বাচকেরা।

অ্যাডিলেড টেস্টের আগে ওপেনার নিয়ে খুব দুশ্চিন্তা কাজ করছে অস্ট্রেলিয়ানদের। কুঁচকির ইনজুরির কারণে এ ম্যাচ থেকে আগেই ছিটকে পড়েছেন নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে অভিষেকের অপেক্ষায় ছিলেন উইল পুকোভস্কি। কিন্তু ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পাওয়ায় অভিষেকের অপেক্ষা আরো একটু বাড়ল তরুণ এই ওপেনারের।

বিকল্প হিসেবে তাই মার্কাস হ্যারিসের ডাক পড়ে দলে। সব ঠিক থাকলে ১৭ ডিসেম্বর দিবা-রাত্রির ম্যাচে জো বার্নসের সঙ্গে অসি ইনিংসের সূচনা করবেন তিনি। ৯ টেস্ট খেলা হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছিলেন গত ২০১৯ সালের অ্যাশেজে। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু চলতি শেফিল্ড শিল্ডের তিন ইনিংসে এক ডাবল সেঞ্চুরিসহ ৩৫৫ রান করে সাদা পোশাকে মাঠে ফেরার দাবি জোরদার করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।