দীর্ঘ সময়ের কোয়ারেন্টাইন পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে শারীরিক ও মানসিক অবসাদ নিয়ে এসেছিল বলে জানান পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক। অধৈর্য হয়ে কোয়ারেন্টাইনের এক পর্যায়ে সিরিজ না খেলেই দেশে ফেরত যাওয়ার কথাও চিন্তা করছিলেন বলে জানিয়ে মিসবাহ বলেন, ‘অবশ্যই এখনকার পরিস্থিতি স্বাভাবিক না। তাই ক্রিকেট বোর্ডের সঙ্গে সব ধরনের সম্ভাবনা নিয়েই কথা বলেছি আমরা। তবে নিউজিল্যান্ডে যেহেতু এতদিন থেকেই ফেলেছি, তাই আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি বাকি দিনগুলো থেকে সিরিজটা শেষ করেই ফেরত যাব।’ সিরিজে দল ভালো না খেললে কোয়ারেন্টাইনকে অজুহাত হিসেবে দেখাবেন না বলেও জানিয়েছেন তিনি। অর্ধ ডজনেরও বেশি খেলোয়াড় কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর পাকিস্তান দলকে কড়া সতর্কবাণী দিয়ে কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেয় নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। সেই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পাকিস্তান শিবির এখন অনুশীলন করছে কুইনস্টোনে । ১৮ ডিসেম্বর টি-২০র মধ্য দিয়ে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ।
