আগামী জানুয়ারিতে স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফরটা শেষ করবে ইংল্যান্ড। এই সিরিজে অলরাউন্ডার বেন স্টোকস ও জফরা আর্চারকে বিশ্রাম দিয়েছে দলটি। তবে দুই ম্যাচের সিরিজে দলে ফিরছেন জনি বেয়ারস্টো।
স্টোকসকে বিশ্রাম দেওয়ার কারণটা মানবিক। কয়েক দিন আগেই বাবাকে হারিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। এদিকে আর্চারকে বিশ্রাম দেওয়া হয়েছে এরপর ভারত সফরের কথা মাথায় রেখে। সে সফরে এ দুই জনকে দলে পেতে আশা প্রকাশ করেছে ইংলিশরা।
শুক্রবার ইসিবি ঘোষিত দলে ফিরেছেন বেয়ারস্টো। ১৬ সদস্যের দল রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে সাত জন ক্রিকেটারকে। কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকায়। স্টোকস আর্চার ছাড়াও ইংল্যান্ড দলে আরো অনেকের অনুপস্থিতি আছে। অলি পোপকে ছিটকে দিয়েছে কাঁধের চোট। আরেক ব্যাটসম্যান ররি বার্নস পিতৃত্বকালীন ছুটির জন্য থাকতে পারবেন না শ্রীলঙ্কায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্টটি ১৪ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২২ জানুয়ারি শুরু হবে।
