সিলেট বিভাগের ভোলাগঞ্জ ও লাউড়েরগড় বর্ডার হাট চালুর সময় আবারও পেছাচ্ছে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:১৩

সিলেট বিভাগের দুটি সীমান্তবর্তী এলাকা সিলেট জেলার ভোলাগঞ্জ ও সুনামগঞ্জ জেলার তাহিরপুরের লাউড়েরগড়ে দুটি বর্ডার হাট চলতি ডিসেম্বরেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু হাট দুটি এই সময়ের মধ্যে চালু হচ্ছে না। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ইত্তেফাককে জানান, অবকাঠামোগত কাজ কিছু বাকী থাকায় এটির উদ্বোধন হতে একটু সময় লাগছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ ইত্তেফাককে জানান, লাউড়েরগড় হাটটি ১৭ ডিসেম্বর চালু হওয়ার কথা ছিল। তবে তার কাছে এখনো এ বিষয়ে কোনো বার্তা আসেনি। এ দিকে এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তা, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা লাউড়েরগড়ের বর্ডার হাট পরিদর্শন করেছেন। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়ালও গত ১১ নভেম্বর ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শন করেন। বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই নেতার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি হাটের উদ্বোধনের কথা ছিল ১৭ ডিসেম্বর।

সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন জানান, গত ২৬ মার্চ এ হাট চালুর কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে হাট উদ্বোধনের তারিখ পিছিয়ে যায়।  তিনি জানান, বর্ডার হাটে ৫০টি দোকানের মধ্যে বাংলাদেশের ২৪টি ও ভারতের থাকবে ২৬টি দোকান। দোকান কোঠাসমূহ এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন বর্ডার হাট বসবে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-মেঘালয় সীমান্তের সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ এবং সুনামগঞ্জের তাহিরপুরের সায়দাবাদ ও মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়সংলগ্ন লাউড়েরগড় নতুন ছয়টি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তের ১২৪৮/১২ এস এবং ১১ এস পিলারের কাছে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা এবং ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া হিলস এলাকায় দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঐ হাটে কেনাকাটা করা যাবে। সীমান্ত হাটে ভারত ও বাংলাদেশের দুই দিকে দুটি ফটক থাকবে।