রাজধানীতে মাদকসহ ৪৭ জন আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:১৮

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে মাদকসহ মোট ৪৭ জন আটক করেছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও কারওয়ান বাজার এলাকা থেকে নারীসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অপর দিকে গত শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানী থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টিম জানতে পারে মোহাম্মদপুর এলাকায় মো. মনির হোসেন নামের একজন ইয়াবা বিক্রেতা অবস্থান করছে। এরপর সকালে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মানিক মিয়া নামের আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি অভিযানে কাওরান বাজারের রেলওয়ে বস্তি থেকে ফিরোজা বেগম (৪০) ও বিলকিস (২১) নামের দুই জনকে আটক করা হয়েছে।