জামায়াত ও হেফাজতের মধ্যে তফাত নেই ---------নিক্সন চৌধুরী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই বলে উল্লেখ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, জামায়াতের আরেক রূপ হেফাজত। তারা আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে বাধা দিচ্ছে। চট্টগ্রামে জিয়াউর রহমানের ভাস্কর্য আছে সেটা নিয়ে কেউ কোনো দিন কথা বলেনি। আমাদের দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য আছে যেখানে ইতিহাসের নানা দিক রয়েছে। সেটা নিয়ে কেউ কথা বলে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রতিবাদ করার দুঃসাহস মামুনুল হকরা কীভাবে পান? গতকাল শাহবাগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ করতে ‘গৌরব ৭১’-এ জাগরণ সমাবেশের আয়োজন করে। এ সময় মজিবুর রহমান চৌধুরী নিক্সন মৌলবাদী শক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া সারা দেশে মাদ্রাসাগুলোতে ছাত্রলীগের কমিটি এবং মাদ্রাসা পরিচালনা কমিটিতে জনপ্রতিনিধিদের রাখার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

সাবেক আইজিপি শহীদুল হক বলেন, ধর্ম ব্যবসার নামে সারা দেশে মামুনুল হকরা জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তাদের আইনের মাধ্যমে মোকাবিলা করতে হবে। এই অশুভ শক্তির সঙ্গে কোনো সমঝোতা করা যাবে না।

সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় জাগরণ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, ব্যারিস্টার তুরিন আফরোজ, ডা. নুজহাত চৌধুরী, যুব মহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে যোগ দেন।