জানুয়ারিতে রাজধানীর খালের দায়িত্ব পাবে সিটি করপোরেশন —এলজিআরডি মন্ত্রী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:২৯

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আগামী জানুয়ারির মধ্যেই খালগুলোর দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল সাধারণ মানুষের মধ্যে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং উন্মুক্ত স্থানে হাত ধোয়া নিশ্চিতের লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইডের যৌথ উদ্যোগে ওয়াসা ভবনে আয়োজিত ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলেও জানুয়ারির মধ্যেই এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীনালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।