শ্রীপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৩০

শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি নতুন বাজার এলাকায় গিয়াস উদ্দিন নামের এক অটোরিকশার গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃৃত্তরা। গিয়াস উদ্দিন পৌর এলাকার ভাংনাহাটি নতুন বাজার এলাকার মৃত হাজী আব্দুল মালেকের ছেলে। নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, গিয়াস উদ্দিন দীর্ঘদিন যাবত্ ঐ এলাকায় নিজের গ্যারেজে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নির্মাণ ও অটোরিকশার বৈদ্যুতিক চার্জের কাজ করতেন। রাতে সে একাই ঐ গ্যারেজে ঘুমাতেন। গতকাল শনিবার সকালে নিহতের ভাতিজা সুমনসহ আরেকজন রিকশাচালক চার্জ দেওয়া অটোরিকশা আনতে গিয়ে গিয়াস উদ্দিনকে ডাকলে তার কোনো সাড়া না পেয়ে তারা বাড়ির লোকজনকে খবর দেন। পরে বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছেন।

পুলিশের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, নিহতের মাথায় ভোঁতা ও ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারেন।