পাবনায় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কয়েকটি বাড়ি ও গোডাউনে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া হয়। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে তিন পুলিশ কনস্টেবল আহত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে তার দাফন শেষে ফেরার পথে শহরের অনন্ত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অন্তত ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এছাড়াও পাঁচটি বাড়ি ও গোডাউনে আগুন ধরিয়ে দেয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম সন্ধ্যায় ইত্তেফাককে জানান, আরিফপুর কবরস্থানে নিহতের দাফনকাফন শেষে মুসল্লিরা ফেরার পথে অনন্ত বাজার এলাকায় আসার পর ভেতরে থাকা কিছু দুষ্কৃতকারী যাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল, তারা দোকানপাটে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
