খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ ভাই নিহত 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

খুলনায় যাত্রীবাহী বসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড থেকে ২শ গজ পশ্চিমে চুকনগর-যশোর মহাসড়কের সন্ধানী লাইফ ইনস্যুরেন্স অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে সাব্বির হোসেন (১৪) ও রাকিব শেখ (৪)। এদিকে, সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুমুরিয়া উপজেলার পার্শ্ববর্তী রোস্তমপুর গ্রাম থেকে আমজাদ শেখের ছেলে সাব্বির হোসেন শেখ (১৪) ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তার মা নাসিমা বেগম ও ছোট ভাই রাকিব শেখকে (৪) নিয়ে ডাক্তার দেখাতে চুকনগর বাজারে আসে।  তারা ভ্যানটি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স অফিসের সামনে রেখে তার উপর বসেছিল।  এ সময় চুকনগর বাসস্ট্যান্ড থেকে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৩০০) নরনিয়া মাদ্রাসা সংলগ্ন বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেয়।  বাসটি ইনস্যুরেন্স অফিসের সামনে আসলে চাকা রাস্তার উপরে বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর উঠে পড়ে। এতে ভ্যানের উপর বসে থাকা শিশু রাকিব শেখ ঘটনাস্থলে নিহত হয় এবং তার ভাই ভ্যান চালক সাব্বির শেখ মাথায় গুরুতর আঘাত পায়। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে, তাদের মা নাসিমা বেগম রক্ষা পান। 

স্থানীয় সূত্র জানায়, চুকনগর বাসস্ট্যান্ড থেকে টার্মিনালে যাওয়ার জন্য বাসের হেলপার বাসটি চালাচ্ছিল। কিন্তু বাসের গতি দ্রুত থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। 

চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) রেজাউল করিম রেজা জানান, বাসটি আটক করা হয়েছে।  নিহতদের লাশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। 


 
ইত্তেফাক/এমএএম