ট্রাম্পের নির্বাচনি ফল বদলানোর মামলা সুপ্রিম কোর্টে খারিজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০০:৩২

যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলা করে। সেখানে বলা হয়—জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ হবে না। এই চার স্টেটে জো বাইডেন বিজয়ী হয়েছেন। এদিকে চার বছরে ট্রাম্পের জনপ্রিয়তায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে ফক্স নিউজের করা এক জরিপে। অন্যদিকে নির্বাচনের ফল বাতিলের দাবিতে আজ বিক্ষোভ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা। খবর বিবিসির

সুপ্রিম কোর্টে করা মামলায় ১৯টি স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে। কিন্তু স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে, মামলাটি করার কোনো আইনি সক্ষমতা টেক্সাসের নেই। আদালত বলেছে, যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে, তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনো বিচারিক আগ্রহ থাকতে পারে না। এই আদেশ ট্রাম্পের জন্য আরো একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে। এর আগে পেনসিলভানিয়ায় জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প ও তার সমর্থকেরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে। কিন্তু কোনোটিতে           জো বাইডেনের জয়কে উলটে দেওয়ার কাছাকাছি আসতে পারেনি। মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পকে ৩০৬-২৩২ ভোটে হারিয়ে দেন ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন। বাইডেন দেশব্যাপী ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পান।

ফক্স নিউজের জরিপ

গত চার বছরে সব ইস্যু মিলিয়ে ৪৭ শতাংশ মার্কিনি ট্রাম্পকে সমর্থন করেছেন। তবে ট্রাম্প সবচেয়ে বেশি ভালো করেছেন অর্থনীতিতে। অর্থনীতি চমত্কার এবং ভালো বলেছেন এক-তৃতীয়াংশ ভোটার। ৬৬ শতাংশ ভোটার নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তবে ১১ শতাংশ মার্কিনি বলেছেন, অর্থনীতিতে চমত্কার সফলতা দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৩ শতাংশ।

বিক্ষোভ করবে ট্রাম্প সমর্থকেরা

রক্ষণশীলেরা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে স্থানীয় সময় শনিবার বিক্ষোভ করবে। তারা দাবি করে আসছে যে, নির্বাচনে ভোট চুরি করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ওয়াশিংটনেও এই র্যালি হবে, যেখানে সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন থাকবেন। সম্প্রতি তাকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেসব রাজ্যে ভোটের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই সব রাজ্যে সমাবেশ করা হবে।

আবেদন খারিজ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, সুপ্রিম কোর্ট আসলেই আমাদেরকে হতাশ করেছে। সেখানে প্রজ্ঞা ও সাহসিকতার বালাই নেই।