আজও কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে দেশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

আজ রবিবারও মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দেশের বেশির ভাগ এলাকা। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এক বা একাধিক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ সময়ে তাপমাত্রা উঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার আবহাওয়া অফিস জানায়, আবহাওয়া শুষ্ক আর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পরে। আবহাওয়ার বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুলেটিনে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর         বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা আরো কমে গিয়ে জেঁকে বসতে পারে শীত।