জাতির পিতার সম্মান অক্ষুণ্ন রাখতে দেশের সরকারি কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় বিচারকরাও রাস্তায় নামেন। তারা বিভিন্ন সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রাম অফিস :গতকাল শনিবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটি। নগরীর দামপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিপুলসংখ্যক বিচারক অংশ নেন। পরে মিছিল নিয়ে বিচারকরা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশে যোগ দেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিচারকরা এক হয়েছি, আমরা সবাই মৌলবাদের বিরুদ্ধে, এই বার্তা দিতে চাই। জাতির পিতার ভাস্কর্য ভাঙার ঘটনা আমাদের নাড়া দিয়েছে। যে ঔদ্ধত্য মৌলবাদী গোষ্ঠী দেখিয়েছে, তাতে আমাদের হূদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিচারক হলেও আমরা মানুষ। সে জন্য আমরা আজ প্রতিবাদে শামিল হয়েছি। আরো বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান প্রমুখ।
খুলনা অফিস :গতকাল শনিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিচারকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা অংশ নেন। বক্তব্য রাখেন খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ মহিদ উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। তার ভাস্কর্য ভাঙচুরের মতো অবমাননাকর কর্মকাণ্ড সহ্য করা হবে না।
ভ্রাম্যমাণ প্রতিনিধি :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিসিএস অল সার্ভিস ক্যাডার ফোরামের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজি, অতিরিক্ত জেলা জজ এম জি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি :বিচার বিভাগের জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর নেতৃত্বে পৃথক ব্যানারে বিচারকবৃন্দ ও কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হন। একই সঙ্গে জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পৃথকভাবে প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রমুখ।
