আশুগঞ্জে দুই সন্তান ও বোনসহ গৃহবধূ নিখোঁজ তিন দিন ধরে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৫১

আশুগঞ্জে গত বৃহস্পতিবার দুপুরে রুবিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিল দুই শিশুসন্তান ও এক কিশোরী বোন। রুবিনা সরাইল উপজেলার কুট্টাপড়ারশ্রীডুবার আল আমীন মিয়ার স্ত্রী। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়ারি (জিডি) করা হয়েছে। পুলিশ জানায়, রুবিনা গত বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জে বাবার বাড়ি থেকে সরাইলে শ্বশুরবাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিল চার বছরের ছেলে হোসাইন মিয়া, দুই বছর বয়সি মেয়ে তানহা আক্তার ও ১৪ বছরের বোন সোনিয়া আক্তার। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে রুবিনার কথা হয়। এর পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে রুবিনার বাবা হাবিবুর রহমান আশুগঞ্জ থানায় জিডি করেছেন।

রুবিনার স্বামী আল আমীন মিয়া গতকাল শনিবার দুপুরে জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে স্ত্রীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। এর পর থেকে স্ত্রী-সন্তানদের কোনো খোঁজ তিনি পাননি। তাদের সন্ধানে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কোথাও পাওয়া যায়নি। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার জনের সন্ধানে পুলিশ তত্পর রয়েছে। যতদ্রুত সম্ভব তাদের উদ্ধার করার ব্যাপারে আশাবাদী তিনি।