বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) হাতিয়া ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালুর সিদ্ধান্ত নেয়। ঐ সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সকালে বয়ারচর চেয়ারম্যানঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে। সি-ট্রাকটি ভাসানচরে পৌঁছলে নৌবাহিনীর কর্মকর্তারা সবাইকে স্বাগত জানান। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভাসানচর-বয়ারচর চেয়ারম্যানঘাট দূরত্ব ৩৬ কিলোমিটার এবং যাত্রীপ্রতি ভাড়া ৩৭০ টাকা, হাতিয়া-ভাসানচর দূরত্ব ৩১ কিলোমিটার এবং যাত্রীপ্রতি ভাড়া ৩১৯ টাকা, বয়ারচর চেয়ারম্যানঘাট-ভাসানচর ভায়া হাতিয়া দূরত্ব ৪৫ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ৪৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ইত্তেফাককে জানান, বিআইডব্লিউটিসির এস টি খিজির-৫ সি-ট্রাকটি বয়ারচর চেয়ারম্যানঘাট-ভাসানচর ভায়া হাতিয়া রুটে সপ্তাহে দুই দিন অর্থাত্ প্রতি শনি ও মঙ্গলবার যাত্রী পারাপার করবে।
