রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরো চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উভয় ঘটনায় দুটি মামলা হয়েছে।
অপহরণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, অপহরণের মূল আসামি কৃষ্ণ রায় (২৫) পিতা বিজয় রায়, সহযোগী মিন্টু কুমার (৩০) পিতা জগদিশ রায়, কাঞ্চন রায় (২৭) পিতা সুশীল চন্দ্র রায়। সবার বাড়ি শেরমস্ত খিয়ারজুম্মা গ্রামে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, মূল আসামি মিঠুন শেখ (২৮) পিতা মোজাহারুল ইসলাম, নাসিম (২৫), নুরুজ্জামান (২৮), আলামিন (২৭)। এদের সবার বাড়ি দামোদুর গ্রামে। ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত শুকুর আলী জানান, গত সোমবার রাত ৯টায় সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মূল আসামি ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
