বেনাপোলে প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদদের সম্মানে কৃতজ্ঞতা সমাবেশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২৩:৩৪

মুজিব শতবর্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হে পরীক্ষিত নেতা দুর্দিনে দলের বন্ধু আপনার প্রতি শির-অবনত কৃতজ্ঞতা, শ্রদ্ধা বাংলাদেশের সুবর্ন জয়ন্তী মুজিব শতবর্ষের শুভেচ্ছা।’

১৯৭৫ সালের পর যশোরের শার্শা উপজেলার বাংলাদেশ আওয়ামী গীগের অজ পাড়াগাঁয়ে অবহেলিত ত্যাগী নেতা-কর্মী এবং বয়সের ভারে নুয়ে পড়া এবং যাদের লড়াই সংগ্রামে এদেশ স্বাধীন হয়েছে সেই শ্রদ্ধাভাজন বর্ষীয়ান রাজনীতিবিদদের সম্মানে বিশেষ কৃতজ্ঞতা জানাতে এ সমাবেশ এর আয়োজন। 

শনিবার বিকেলে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনার ও হাই স্কুল বলফিল্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উলাশী ইউপি পরিষদ এর চেয়ারম্যান শহিদুল আলম। এ সময় ১৫৩ জন প্রবীণ বর্ষীয়ান ত্যাগী অবহেলিত রাজনীতিবিদের উত্তরীয় ও সম্মানীয় ক্রেস্ট পরিয়ে দেন এবং নিজ হাতে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এ সময় তিনি বলেন, গত শতাব্দীর প্রবীণ ও বর্ষীয়ান আওয়ামী লীগের নেতা-কর্মীরা যারা বয়সের ভারে ন্যুজ, যাদের লড়াই আর সংগ্রামে আমরা পেয়েছিলাম একটি ভূখণ্ড, তারা আজ সমস্ত আলো আর আলোচনার বাইরে। যারা এক সময় ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রাণ; সততার সাথে সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার এক গৌরবজ্জল ইতিহাস। তারা আজ অভিমানে নিজেদের গুটিয়ে নিয়েছেন। এই প্রবীণ নেতারা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য লড়াই করে। তাদের অবদানের জন্য আজ বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়।

আরো পড়ুন: করোনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়কের মৃত্যু

এই প্রবীণ মানুষগুলো শার্শায় রাজনীতি করে মামলা হামলার শিকার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন। তাই আজ তাদের প্রতি কৃতজ্ঞতা।  আপনাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা রাখি তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার শান্তি হবে। কারণ আপনারা তার আদর্শের রাজনীতি করেছিলেন। আপনারা তার কন্যাকে ১৯৮১ সালে বাংলাদেশ এনেছিলেন। আপনারা রাজনীতি করে তার কন্যাকে এদেশে প্রতিষ্ঠিত করে আজ পদ্মাসেতু নির্মাণে অবদান রেখেছেন। আজ এই মঞ্চে ১০০ বছরের উপরে প্রবীণ নেতা ডাক্তার হানেফ আলী এসে সভাকে অলংকৃত ও সম্মানিত করেছেন। শার্শা থেকে দানবের রাজনীতি প্রতিহত করে প্রকৃত আওয়ামী লীগ পরিবারের হাতে রাজনীতি তুলে দিতে হবে। 

প্রবীণ রাজনীতিবিদ বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার বলেন, আজ যে ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠান দেখছি আমি এ ধরনের অনুষ্ঠান কখনো দেখি নাই। এটা মাইলফলক হিসাবে থাকবে। 

শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা আহসান ফিরোজ বলেন, এখনো এরকম শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগে নেতা আছে ভাবতে আমার চোখে জল আসছে। আমরা আজ গর্বিত। জীবনের শেষ প্রান্তে এসে যেভাবে সম্মানিত হলাম তা মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। এ সময় এই কৃতজ্ঞতা সমাবেশে শার্শার ১১টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন সড়ক দিয়ে মিছিল নিয়ে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনার বলফিল্ডে সমবেত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা তুহিন ইসলাম ফারাজি।

ইত্তেফাক/এএএম