রাজধানীর উত্তরা এলাকায় ব্যস্ত বাজারের সামনে থেকে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কার মুহূর্তের মধ্যে নিয়ে গেছে। গত শুক্রবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরে বিজিবি বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ তারেক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন। গোল্ডেন কালারের টয়োটা জি মডেল প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো গ-২১-০৫৬৪। মামলার এজাহারে বলা হয়, ব্যবসায়ী তারেক মাহমুদ বেলা ১১টার দিকে প্রাইভেট কারটি বিজিবি বাজারের পূর্ব পাশের রাস্তায় পার্ক করে কেনাকাটার বাজারে ঢোকেন। বাজার শেষে সাড়ে ১১টার দিকে এসে দেখেন প্রাইভেট কারটি কে বা কারা নিয়ে গেছে। পরে আশপাশের লোকজনের কাছে খোঁজ নিলেও কেউ কোনো তথ্য জানাতে পারেনি। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম জানিয়েছেন, দুর্বৃত্তদের শনাক্ত ও চুরি হওয়া প্রাইভেট কারটি উদ্ধারে সংশ্লিষ্ট এলাকার টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
