গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে। সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে এতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। একই সময়ে দেশের মহানগর ও জেলা শহরগুলোয় একসঙ্গে মানববন্ধন হয়।
মানববন্ধন কর্মসূচিতে শেখ ফজলে ফাহিম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে একটি শ্রেণি বাংলাদেশের যুবসমাজকে ভুল পথে পরিচালিত করার জন্য, ভুল শিক্ষা দেওয়ার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। তাদের সেই দুরভিসন্ধি কখনো সফল হবে না। আমরা সম্মানিত আলেমদের শ্রদ্ধা করি। কিন্তু তাদের লেবাস পরে কোন স্বার্থান্বেষী মহলকে বঙ্গবন্ধুকে অবমাননা, ধর্মকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। জাতির জনককে যারা অবমাননা করবে, তাদের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ বন্ধ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের বেসরকারি খাতের আছে। নিশ্চয় সরকার তাদের বিরুদ্ধে সংবিধান ও আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, বায়রার প্রেসিডেন্ট বেনজীর আহমেদ, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান কচি, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ প্রমুখ।
