হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'অন ক্যাম্পাস রাউন্ড'র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এ আয়োজন সম্পন্ন হয়েছে।
এবারের বিজয়ী দল "দ্য ডাইনামাইটস"। তাদের বিজনেস আইডিয়া ছিলো তারা এমন ধরনের একটি ব্যবসা আরম্ভ করবে যা সমাজের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সুষম খাদ্যের সংকট অর্থাৎ তাদের দৈহিক চাহিদা অনুযায়ী খাদ্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে, কাবেরী দাশ (টিম ডাইনামাইটস এর একজন সদস্য) বলেন,"আমরা বাংলাদেশ তথা বৈশ্বিক এই সমস্যা নিয়ে সত্যিই চিন্তিত তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে অতিসত্বর আমরা আমাদের বিজনেস আইডিয়াটিকে বাস্তব রূপদান করতে পারি"
রানার আপ দলটি ছিল "অপটিমাম", কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের মাধ্যমে সাপ্লাই চেইনে এক বিস্তর পরিবর্তন আনাই ছিল তাদের আইডিয়া।
এবং পরের অবস্থানের দলটি ছিল "উইন্টারফেল", স্বল্প খরচে পেশাজীবীদের জন্যে স্বাস্থ্যকর সুষম খাদ্য নিশ্চিত করার মাধ্যমে বাজারে নতুন চাকুরীর সুযোগ সৃষ্টি এবং কৃষির সম্প্রসারণে অবদান রেখে সুস্থ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি সমাজ বিনির্মাণ নিয়েই তাদের আইডিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমার ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে তা জানতে পেরে আমি অভিভূত। আমি হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্যে জন্য কামনা করছি"।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাবেদ হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আদনান মান্নান, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভির আহমেদ, হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের রিজিওনাল অ্যাসোসিয়েট (এশিয়া) ফাহিম শাহরিয়ার। পাশাপাশি চূড়ান্ত পর্বের বিচারকগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম
