বিজয় দিবসে মোস্তফা কামালের উপন্যাস ‘১৯৭৫’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৫:২৪

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস ‘১৯৭৫’। অন্যপ্রকাশ থেকে বইটি প্রকাশিত হচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, উনিশ শ পঁচাত্তর-বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বছর। পঁচাত্তরের ১৫ আগস্ট বাঙালির ললাটে যুক্ত হয় অমোচনীয় কলঙ্কতিলক। ঘাতকের বর্বরতায় সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনকের শোণিতে রক্তাক্ত হয় সোনার বাংলা। ঢাকা হয় আরেক কারবালা!

তিনি বলেন, নির্মম-পৈশাচিক এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? কারা ছিল এর নেপথ্যে? শুধুই কি কিছু বিপথগামী সেনাসদস্য, না কি উচ্চাভিলাষী কেউ জড়িত ছিল? এটা কি শুধুই একটি হত্যাকাণ্ড; না কি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ?

মোস্তফা কামাল বলেন, কী ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা পাকিস্তানের? চীন-সৌদি আরব কি ছিল কেবলই নীরব দর্শক? এত বছর পরও এসব প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। আজও মানুষ খুঁজে ফেরে সেই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য। ‘১৯৭৫’ উপন্যাসে সেই রহস্যই উন্মোচিত হয়েছে।

সাংবাদিক মোস্তফা কামাল সত্যের অনুসন্ধানে নিরলস। ইতিহাস-আশ্রয়ী উপন্যাস লেখায় তার বিশেষ খ্যাতি রয়েছে। এবার তার কলম ঘুরে বেড়িয়েছে ইতিহাসের নিকষ কালো আঁধারে। অনুসন্ধানের তীক্ষ্ণ আলো ফেলে সেখান থেকে বের করে এনেছেন অনুদ্ঘাটিত পঁচাত্তর-রহস্যের অনেকখানি।

ইত্তেফাক/এএএম