পাঁচ ধরনের জিনের প্রভাবে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ জটিল হচ্ছে। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এসব জিনের কারণেই করোনা রোগীদের ঠাঁই হচ্ছে হাসপাতালগুলোর আইসিইউতে, আবার কেউ স্রেফ বাড়িতে থেকে সেরে উঠছেন। গবেষণাটি করেছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে ‘নেচার’ পত্রিকায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০৮টি আইসিইউ-তে ভর্তি দুই হাজার ৭০০ জন গুরুতর অসুস্থ করোনা রোগীর ডিএনএ পরীক্ষা করে দেখেছেন। সেখানে তারা দেখতে পান, পাঁচটি জিনের গড়বড়েই মানুষের মধ্যে সংক্রমণে জটিলতা। কারণ ওই পাঁচটি জিন মূলত দেহের ভাইরাস প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিভাইরাল ইমিউনিটি) বৃদ্ধি করে এবং ফুসফুসে প্রদাহ রুখতে সাহায্য করে থাকে। জিনগুলো হলো- আইএফএনএআর২, টিওয়াইকে২, ওএএস১, ডিপিপি৯ ও সিসিআর২।
গবেষণায় যুক্ত থাকা গবেষক কেনেথ বেলি বলেন, আমাদের এই গবেষণা রোগীদের ওপর ঠিক কোন ধরনের ওষুধ কার্যকার তা বুঝতে সাহায্য করবে।
অর্থাৎ কোনো সম্ভাব্য ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা করে দেখা হবে, ওই জিনগুলোর ওপর ওষুধের প্রভাব কতটা জোরদার। আবার বাজারে থাকা প্রদাহজনিত রোগের কোনো ওষুধ করোনার চিকিৎসায় ভালো কাজ দিতে পারে কি-না, সেটাও এই জিনগুলো জানিয়ে দেবে।
যেমন বেশ কিছু অ্যান্টি-ইনফ্লামেটরি ওষুধ (আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসাইটিনিব) করোনার চিকিৎসার ভালো কাজ দিতে পারে বলে দাবি কেনেথের।
ইত্তেফাক/টিআর
