সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:২৭

বিনা মূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখা পঞ্চগড় শহরের হাসপাতাল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করে। বিএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. পিতাম্বর রায়, সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজউদ্দৌলা প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন।

পীরগঞ্জে পাটচাষি প্রশিক্ষণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে রবিবার দিনব্যাপী পাটচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উত্পাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উত্পাদনকারী চাষিদের এ প্রশিক্ষণ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন, উপ-অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান প্রমুখ।

‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার বিকালে তিন দিনব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কিউ এম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন  প্রমুখ।

মির্জাপুর মুক্ত দিবস পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার মির্জাপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশনের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।

আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট সদস্যদের শপথ

বরিশাল অফিস সারা দেশে কমিটি গঠনের উদ্দেশ্যে শনিবার বরিশাল নগরীর কর্ণকাঠীতে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট সদস্য পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়। সেবা ও উন্নয়নের মূল উদ্দেশ্য নিয়ে গঠিত এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লোকমান হোসেন, আসিফ বিন আলম প্রমুখ।

জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রির গড় পণ মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন জমির মালিকরা। রবিবার অসহনীয় এ পণ মূল্যের প্রতিবাদ ও তা দ্রুত বাতিলের দাবিতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জমির মালিকরা। মানববন্ধনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি এম মাহবুবর রহমান, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে তারা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

কচুয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানমের নেতৃত্বে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন উপজেলার সব বিভাগীয় কর্মকর্তা। রবিবার দুপুরে উপজেলার সাচার ইউনিয়নের বজরিখোলা গ্রামে ১৫টি হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ ঘুরে ঘুরে দেখেন কর্মকর্তারা। পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।