উত্তরায় সাত দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করেছে বিসিক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

ঢাকার উত্তরায় সাত দিনব্যাপী বিজয় মেলা-২০২০ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মহান বিজয় দিবস সামনে রেখে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। মেলায় ৬০টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, চামড়াজাত পণ্য, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন। এবারের মেলায় ঢাকার বাইরে থেকে অংশগ্রহণ করেছেন ৪৫ জন এবং ঢাকা থেকে ১৫ জন। বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজ, স্কিটি ও বিসিকের সহায়তায় এই মেলা আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।