চট্টগ্রামের পরীক্ষা নিবে খুলনার অভিজ্ঞতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

বিসিবি একাডেমি মাঠে এসে ঠায় ছাউনির নিচে বসে থাকলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। টিম মিটিংয়ে কোচ মিজানুর রহমান বাবুল মিনিট পাঁচেক কথা বললেন ক্রিকেটারদের উদ্দেশ্যে। তারপর অনুশীলন শুরু হলেও মাশরাফি-সাকিবের হেলদোল নেই। পরে অনুশীলন না করেই ফিরে গেলেন তারা। আগের দিন কোচের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হওয়া এনামুল হক বিজয় এদিন নেট অনুশীলনের শুরুতেই ব্যাটিং পেলেন।

রাত পোহালেই বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। ম্যাচ জিতলেই মিলবে ফাইনালের টিকিট। হারলেও সুযোগ থাকবে ট্রফির মঞ্চে যাওয়ার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রবিবার ঐচ্ছিক অনুশীলনেই প্রস্তুতি সারল খুলনা। কোচের ভাষ্য অনুযায়ী প্রচণ্ড মাথা ব্যথার কারণে অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম অবশ্য অনুশীলনেই আসেনি। 

এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে লড়বে ফরচুন বরিশাল। গত শনিবার রাতে ঢাকাকে হারানো বরিশালও রবিবার অনুশীলন করেনি। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে আজকের ম্যাচে পাওয়া নিয়েই তাদের যত চিন্তা। ঠান্ডা-জ্বরে ভোগা তামিম খেলবেন কিনা সন্ধ্যায়ও তা নিশ্চিত হয়নি। করোনা পরীক্ষার রিপোর্টের উপরই তার খেলা নির্ভর করছে। সকাল থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছে মুশফিকুর রহিমের ঢাকা।

কোচ খালেদ মাহমুদ সুজনের মতে, আগের রাতে হারলেও দলটা আত্মবিশ্বাসী আছে। হারের ব্যবধান বড় ছিল না বলে, নিজেদের ভুলের পরিমাণ কমিয়ে ম্যাচ জয়ে আশাবাদী ঢাকা। লিগ পর্বে দুই দলের লড়াইয়ে স্কোর লাইন ছিল ১-১। তৃতীয় সাক্ষাতে জয়ী দল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে খুলনা-চট্টগ্রাম ম্যাচের পরাজিত দল।  

লিগ পর্বে দুই ম্যাচেই চট্টগ্রামের কাছে হেরেছিল খুলনা। লিটন, সৌম্য, মুস্তাফিজদের দলটা দারুণ ছন্দে আছে। টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ক্রিকেট খেলেছে তারা। আট ম্যাচে সাত জয় নিয়ে প্লে-অফে এসেছে মিঠুনের দল। গতকাল খুলনার ইমরুল কায়েস বলেছেন, চট্টগ্রামের পরীক্ষা নিতে পারে খুলনার অভিজ্ঞতা। দুই দলের লড়াইয়ে অভিজ্ঞতায় খুলনাকে এগিয়ে রাখছেন এই বাঁহাতি ওপেনার। 

তিনি বলেছেন, ‘আমাদের দলে যেসব খেলোয়াড়গুলো আছে, সাকিব বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলে। ওর যে অভিজ্ঞতা আমার মনে হয় যে, এটা এই টুর্নামেন্টে খুব কম খেলোয়াড়েরই আছে। ওই দিক থেকে বলব যে অবশ্যই এগিয়ে আছি আমরা।’ 

এলিমিনেটর
বেক্সিমকো ঢাকা-ফরচুন বরিশাল
বেলা সাড়ে ১২টা
প্রথম কোয়ালিফায়ার
গাজী গ্রুপ চট্টগ্রাম-জেমকন খুলনা
সন্ধ্যা সাড়ে ৫টা

ইত্তেফাক/এসআই