রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:০৬

শরীয়তপুর জেলা শহর থেকে জাজিরা মাঝির ঘাট পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দক্ষিণ বঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট কাজির হাট, ঠিকমতো জমে উঠছে না এই রাস্তার দুর্দশার জন্য। চারটি মহাবিদ্যালয়, পাঁচটি উচ্চ বিদ্যালয় ও দুটি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এই রাস্তার পাশে। রাস্তাটির দুর্দশায় সড়ক দুর্ঘটনা বেড়েছে। বিশেষ করে রাস্তাটি রোগী বহনকারী গাড়ির জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বৃষ্টির দিনে কাদামাটিতে মনে হয় যেন ধানের জমি! আর শীত  মৌসুমে ধুলোবালির সাগর। রাস্তার ধুলোবালি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিশেষে, স্থানীয় সরকার ও প্রশাসন বিভাগকে বিশেষভাবে অনুরোধ করছি, রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ ঘোচান।

মীর ইমরান আলী 

শিক্ষার্থী,

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা