বিশ্বব্যাপী

স্মার্টহোম ডিভাইস

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২০:২০

 

 

চলতি বছর স্মার্টহোম ডিভাইস সরবরাহ ৫৪ কোটি ৯৫ লাখ ইউনিটে পৌঁছাবে, যা গত বছরের চেয়ে ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করর্পোরেশন (আইডিসি) কতৃক প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই পূর্বাভাস দেয়া হয়েছে। বৈশ্বিক স্মার্টহোম ডিভাইস বাজারে স্মার্ট স্পিকার, ডিজিটাল মিডিয়া অ্যাডাপ্টার, স্মার্ট লাইটিং, থার্মোস্ট্যাটসহ বেশকিছু প্রযুক্তিপণ্যের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। চলতি বছর মোট যতসংখ্যক স্মার্টহোম ডিভাইস সরবরাহ হবে, তার মধ্যে ৭১ শতাংশই থাকবে স্মার্ট স্পিকার এবং ভিডিও এন্টারটেইনমেন্ট পণ্য। ২০১৮-২২ সাল পর্যন্ত এ দুই ধরনের স্মার্টহোম ডিভাইস বিক্রিতে বার্ষিক ১২ শতাংশ হারে প্রবৃদ্ধি আসবে। আইডিসির জ্যেষ্ঠ  বিশ্লেষক জিতেশ উবরানি বলেন, ‘২০২২ সাল নাগাদ ভিডিও এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে স্মার্ট টিভি ও ডিজিটাল মিডিয়া অ্যাডাপ্টার স্মার্টহোম ডিভাইস বাজারের বৃহত্ অংশ দখলে নেবে। কারণ এ ধরনের ডিভাইসের চাহিদা দ্রুত বাড়ছে। বাসাবাড়ির শৌখিন আসবাব হিসেবে স্মার্ট টিভি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ডিভাইস এবং সংশ্লিষ্ট সেবা প্লাটফর্ম নির্মাতারাও গ্রাহক টানতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে স্মার্ট টিভির মতো হোম ডিভাইসে ভার্চুয়াল সহকারি বা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যুক্ত করতে কাজ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক স্মার্টহোম ডিভাইস বাজারে ভার্চুয়াল সহকারি বা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি-সংবলিত ডিভাইস গ্রাহক পছন্দের শীর্ষে রয়েছে। বর্তমানে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নির্মিত অ্যালেক্সা। তবে খাতটিতে ভবিষ্যতে গুগল অ্যাসিস্ট্যান্ট আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে। গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও স্মার্ট স্পিকার ছাড়াও বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্যে ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।’ অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের গুগল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি সরবরাহ করবে গুগল। স্মার্টফোনের পর স্মার্ট টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্টের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের তথ্যমতে, ২০২২ সাল নাগাদ  বিভিন্ন স্মার্টহোম পণ্যের ক্ষেত্রে ২৫ দশমিক ৩ শতাংশ হারে বিক্রি বাড়বে।