ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ২০২০-২১ সালের হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল অনলাইন প্লাটফরমের মাধ্যমে গত ১১ ডিসেম্বর সমাপ্ত হয় এবং ফেসবুক লাইভের মাধ্যমে সম্প্রচারিত হয়।
এই প্রতিযোগিতায় টিম ব্যাক্সস্পেসকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ‘টিম ব্যাক্সস্পেস’ দলের সদস্য জান্নাতুল ফেরদৌস, আহনাফ আবিদ এবং আসিফ শাহরিয়ার সামি। এ বছর হাল্ট প্রাইজ প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছিল ‘ফুড ফর গুড’। ‘ফুড ফর গুড’ চ্যালেঞ্জ-এর ওপর ভিত্তি করে জাতিসংঘের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে গ্লোবাল ফাইনাল, যেখানে বিজয়ী দলকে তাদের ব্যবসায়ের পরিধি বিস্তার করার জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে ১ মিলিয়ন ডলার।
বিচারকদের সম্মানিত প্যানেলের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান, ওয়াইএন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াছিন টুটুল, চালডাল ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়া আশরাফ, প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান এবং আইফার্মার ডট এশিয়া-এর সহপ্রতিষ্ঠাতা ফাহাদ ইফতাজ। ইউল্যাবের উপাচার্য প্রফেসর ডা. এইচ এম জহিরুল হক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। - প্রেস বিজ্ঞপ্তি
