একই গ্রুপে মোহামেডান ও আবাহনী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২২

মোহামেডানের ইংলিশ কোচ শন লিন যেন ঢাকা ডার্বির স্বাদ নেওয়ারই অপেক্ষায় ছিলেন। তাই ফেডারেশন কাপ ড্রতে পট থেকে তোলা কাগজটির নাম যেন আবাহনীর হয় এটাও প্রকাশ্যে বলে যান তিনি। কাকতালীয়ভাবে হলোও তাই। ‘ডি’ গ্রুপের জন্য নিজ হাতেই তুললেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর নাম। যেখানে আগে থেকেই জায়গা করে নিয়েছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই মৌসুমের শুরুতেই দেখা যাবে ঐতিহ্যবাহী মোহামেডান-আবাহনী লড়াই।

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। ১৩ দলের অংশগ্রহণে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসর।

ফেডারেশন কাপে খেলবে মুক্তিযোদ্ধা। মন্ত্রণালয়ের সঙ্গে পজিটিভ কথা হয়েছে। মন্ত্রী নিজেই চেষ্টা করছেন মুক্তিযোদ্ধা ফুটবল দলের জন্য কিছু করা যায় কিনা। আর খেলোয়াড়রা মন্ত্রীকে জানিয়েছেন ফুটবল আমাদের রুটিরুজি। খেলা হলে ক্লাবও বাঁচবে আমরাও বাঁচব—এমন কথা জানালেন দলের ম্যানেজার আরিফুল ইসলাম। অভাবের মধ্যে মালয়েশিয়ান কোচ আনছেন আরিফ। বললেন, ‘টাকা না দিতে পারলে দেশি কোচ থাকতে চায় না। বিদেশি কোচ থাকলে ওরা অপেক্ষা করে অভাবের মধ্যে খেলায় ফোকাস করে। আর মালয়েশিয়ান কোচ রাজা ইসার সঙ্গে আগেই কথা বলা ছিল। সে এখন ইন্দোনেশিয়ায় রয়েছেন। ভিসা হলে চলে আসবেন।’ ফেডারেশন কাপ ফুটবলের ব্যাপারে এই ম্যানেজার জানিয়েছেন, তারা টুর্নামেন্টের জন্য নাম এন্ট্রি করেছেন। 

যদি কোনো কারণে মুক্তিযোদ্ধা টুর্নামেন্টে অংশ না নেয়, তাহলে  বি গ্রুপের বারীধারা খেলবে মোহামেডানের গ্রুপে। বি গ্রুপে আছে সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন। গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জের সঙ্গে গ্রুপ ‘সি’তে রয়েছে চট্টগ্রাম আবাহনী। বাকি থাকা ‘এ’ গ্রুপের তিন দল—শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসি।  কোভিড-১৯-এর কারণে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। তার আগে, প্রতিটি ক্লাবের খেলোয়াড়কেই করতে হবে বাধ্যতামূলক করোনা টেস্ট।

ফেডকাপ ফুটবল

গ্রুপ ‘এ’ : শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বাংলাদেশ পুলিশ

গ্রুপ ‘বি’ : সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স

গ্রুপ ‘সি’ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ

গ্রুপ ‘ডি’ : আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান।