প্রথম ১০ ম্যাচে মাত্র দুই গোল হজম করে ২৬ পয়েন্ট নিয়ে অপরাজিত; রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা থেকে এগিয়ে যথাক্রমে ৬ ও ১২ পয়েন্টে। অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো মাদ্রিদকে এবার মাটিতে নামিয়ে আনল জিনেদিন জিদানের শিষ্যরা। গত শনিবার দিবাগত রাতে ডি স্টেফানো স্টেডিয়ামে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। চলতি মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো হারের স্বাদ পেল অ্যাটলেটিকো।
ম্যাচের আগেই জিদান বলেছিলেন, এই মৌসুমে লা লিগায় অ্যাটলেটিকোই ফেভারিট। এই কথাটাই যেন কাল হলো। সবসময় ‘আন্ডারডগ’-এর তকমা নিয়ে খেলতে নামা ডিয়েগো সিমিওনের শিষ্যরা হয়তো আবারও ভেঙে পড়ল ‘ফেভারিট’ হওয়ার চাপ নিতে গিয়ে। প্রথম মিনিট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সার্জিও রামোসদের দখলেই। বেনজেমা-ভিনিসিয়াসদের সম্ভাবনাময় কিছু আক্রমণের পর ম্যাচের প্রথম গোলটি করেন ক্যাসেমিরো, ১৫তম মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের ফুলব্যাক ড্যানি কারবাহাল। বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার এক শটে পরাস্থ করেন গোলকিপার ইয়ান ওবলাককে। সাইডবারে লেগে সেই বল আবার ওবলাকের গায়ে লেগেই জালে জড়ায়। যেই কারণে রিয়ালকে ম্যাচের নিশ্চয়তা দেওয়া গোলটি স্লোভেনিয়ান গোলকিপারের আত্মঘাতী গোল হিসেবেই লিপিবদ্ধ হয়। হারলেও এক ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে অ্যাটলেটিকো।
প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে হওয়া মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাড়ম্যাড়ে এই ড্রয়ে লিগ টেবিলে আরো পিছিয়ে গেল ম্যানচেস্টারের দুই দল। দিনের অন্য ম্যাচে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসিকে ১-০ গোলে পরাজিত করেছে এভারটন।
লা লিগা
ভ্যালেন্সিয়া ২-২ এথলেটিক বিলবাও
গেটাফে ০-১ সেভিয়া
রিয়াল মাদ্রিদ ২-০ অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড ০-০ ম্যানচেস্টার সিটি
এভারটন ১-০ চেলসি
