আরেকটা ইনিংস জয় যেখানে অনুমেয় সেখানেই বাধা হয়ে দাঁড়ালেন, নিউজিল্যান্ডকে অপেক্ষায় রাখলেন জেসন হোল্ডার। ওয়েলিংটনে অধিনায়কের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়ানোর আশা দেখছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে সুবিধা করতে পারেনি ক্যারিবিয়ানরা। ১৭০ রানে ৬ উইকেট হারিয়ে বসলেও গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষ করেছে তারা ৬ উইকেটে ২৪৪ রান তুলে। ইনিংস হার এড়াতে এখনো উইন্ডিজদের দরকার ৮৫ রান। হোল্ডার ৬০, জশুয়া ডি সিলভা ২৫ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ডের কাছে সিরিজ জয় এখন সময়ের ব্যাপার। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকার পরও তার অভাব বুঝতে দেননি হেনরি নিকলস। তার সেঞ্চুরিতে (১৭০ রান) প্রথম ইনিংসে ৪৬০ রান তোলে কিউইরা। দলের পেস কোয়ার্ট্রেট রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে সফরকারীদের ওপর। গতকাল প্রথম ইনিংসে ১২৪ রানে ৮ উইকেট নিয়ে দিন শুরু করা ক্যারিবিয়ানরা ১৩১ রানেই হারিয়ে ফেলে বাকি দুই উইকেট। দুটোই শিকার করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন টিম সাউদি। আগের দিনই ৫ উইকেট নিয়েছিলেন আরেক পেসার কাইল জেমিসন।
ফলোঅনে ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। ৪১ রানের ভেতর ক্রেইগ ব্রাথওয়েট ও ডারেন ব্রাভোকে সাজঘরে পাঠান ট্রেন্ট বোল্ট। তৃতীয় উইকেটে অবশ্য শামার ব্রুকসকে (৩৬ রান) নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন জন ক্যাম্পবেল (৬৮ রান)। কিন্তু তাদের জুটিকে ৮৯ রানেই থামিয়েছেন নিল ওয়াগনার। তুলে নেন ব্রুকসের উইকেট। পরবর্তী ৪ রানের মধ্যে রোস্টন চেজ ও ক্যাম্পবেলকেও ফিরিয়ে দেন জেমিসন।
পরে জার্মেইন ব্লাকউডের সঙ্গে ৩৬ ও জশুয়া ডি সিলভাকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়েন হোল্ডার। তবে হোয়াইটওয়াশ এড়াতে রূপকথা লিখতে হবে ক্যারিবিয়ান অধিনায়ককে।
