চার সপ্তাহের বিশ্রামে মুমিনুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৬

আঙুলের অস্ত্রোপচার শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে গতকাল দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দুবাই থেকে সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল তার। ফ্লাইট বিলম্ব হওয়ায় ৯টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান। বিসিবির বিমানবন্দরের সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ত্রোপচারের পর চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুমুিনলকে। তারপরই মাঠে ফিরতে পারবেন। তেমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের আগেই সুস্থ হয়ে যাওয়ার কথা মুমিনুলের। গত ৯ ডিসেম্বর দুবাইয়ের বুরজিল হাসপাতালে তার আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছিল। এর আগে ২৮ নভেম্বর গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল। তার হাড়ে চিড় ধরেছিল। এই চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন তিনি।