৪৯ বছরেও দখলমুক্ত হয়নি শহিদ বুদ্ধিজীবী ড. জি সি দেবের বাড়ি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৯

শহিদ বুদ্ধিজীবী ড. জি সি দেবের পৈতৃক বাড়িটি গত ৪৯ বছর ধরে একটি স্বার্থান্বেষী মহল দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনিক জটিলতা এবং দখলদারদের প্রভাবে দীর্ঘদিন পরও বাড়িটি অবৈধ দখলমুক্ত হয়নি। মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. জি সি দেবের পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামে। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদাররা ড. জি সি দেবকে নির্মমভাবে হত্যা করে। আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি এলেই জি সি দেবের বাড়ি উদ্ধারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় উঠে আসে। কিন্তু দিবসটি চলে গেলেই ঐতিহাসিক এই বাড়িটি উদ্ধারে আর কেউ কথা বলেন না।

সরেজমিনে গিয়ে জানা যায়, ড. জি সি দেবের বাড়িতে দখলদার হিসেবে রয়েছে পরেশ, কালাচান্দ, মুকুল,  আতাই মিয়া ও ছমিক উদ্দিন। এরা সবাই স্থানীয় এক জনপ্রতিনিধির মদতপুষ্ট বলে অভিযোগ রয়েছে। বন্দোবস্তপ্রাপ্তদের কাছ থেকে জমি কিনে মালিকানা স্বত্বে বসতঘর তৈরি করে তারা এখানে বসবাস করছে। কয়েকটি সংগঠন কয়েক দফা উদ্যোগ নিয়েও ড. জি সি দেবের বাড়িটি দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে। ড. জি সি দেব স্মৃতি রক্ষা পরিষদের সদস্য সচিব বলেন, অবৈধ দখল উচ্ছেদে আমাদের আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের কাছে অবৈধ দখলদারদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।