কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসাছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদের রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কড়া নিরাপত্তাব্যবস্থায় আসামিদের আদালতে হাজির করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাসকামরায় জবানবন্দি রেকর্ড করা হয়।
সূত্র জানায়, বেলা পৌনে ২টার দিকে হাতকড়াসহ মাথায় হেলমেট ও বুলটেপ্রুফ জ্যাকেট পরিহিত দুই মাদ্রাসাছাত্রকে আদালতে আনার পর নেওয়া হয় এজলাসে। এরপর প্রথমে বিচারকের খাসকামরায় নেওয়া হয় আসামি নাহিদকে। বিচারক প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী নাহিদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামি আবু বক্কর ওরফে মিঠুনের জবানবন্দি রেকর্ড করা হয়। এ সময় আসামিরা অকপটে নিজেদের দোষ স্বীকার করে বলে আদালত সূত্র জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশিকান্ত সরকার জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসামিরা। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত মামলাটি প্রমাণে যথেষ্ট বলে তিনি জানান।
