সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। গতকাল রবিবার সকালে ডিটিসির বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অর্জনের ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই। ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এর জন্য যা যা করার সবই করবে সরকার।ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকসা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে। রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মোটরসাইকেলে হেলমেট যারা পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক পরিচয় এক্ষেত্রে বিবেচনায় আনা যাবে না। গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ সময় ভার্চুয়াল প্লাটফরমে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
