দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ও পলিটিক্যাল এডিটর ফারাজী আজমল হোসেনের সহধর্মিণী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুল বাকিয়া ছবির (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর এক্তারপুর ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য আবদুল হালিম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এর আগে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জিন্নাতুল বাকিয়ার কুলখানি আজ বাদ আসর এক্তারপুর পারিবারিক মসজিদে অনুষ্ঠিত হবে।
জিন্নাতুল বাকিয়া ছবি কিডনি প্রতিস্থাপন করার জন্য ১৫ সেপ্টেম্বর দিল্লি যান। ২২ অক্টোবর দিল্লি অ্যাপোলো হসপিটালে তার কিডনি প্রতিস্থাপন করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ২৮ অক্টোবর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। কিন্তু ১১ নভেম্বর তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। আট দিন পর থেকে তার অক্সিজেন কমতে থাকে। ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ডিসেম্বর তার করোনা নেগেটিভ হয়। কিন্তু এরপর থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং নানা জটিলতা দেখা দেয়। একই সঙ্গে দিল্লির অ্যাপোলো হসপিটালের চিকিত্সায় নানা অনিয়ম দেখা দেয়। চিকিত্সকের অবহেলায় তার শরীরে জটিলতা বাড়তে থাকে। অ্যাপোলো হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় ১১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। ১২ ডিসেম্বর মধ্যরাতে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।
